বাঙালি বনাম বাংলাদেশি : প্রসঙ্গ বরাক

Spread the news

।। প্রদীপ দত্তরায় ।।
(লেখক গৌহাটি হাইকোর্টের আইনজীবী ও ছাত্র সংগঠন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি)
১৬ নভেম্বর : “কেহ নাহি জানে, কার আহ্বানে কত মানুষের ধারা
দুর্বার স্রোতে এল কোথা হতে, সমুদ্রে হল হারা।”
— লিখেছিলেন রবীন্দ্রনাথ।

মানুষের এই ধারা, এই প্রব্রজন শুরু হয়েছিল সুদূর প্রাগৈতিহাসিক যুগে। প্রায় ৬৫ থেকে ৭০ হাজার বছর আগে আধুনিক মানুষ আফ্রিকা থেকে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল বলে গবেষকদের ধারণা। এরপর জলবায়ুর পরিবর্তন, খাদ্যের সন্ধান কিংবা উন্নত জীবনের আকাঙ্ক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্ন জনগোষ্ঠীর আগমন ঘটেছে এই ভূখণ্ডে। তাদের পারস্পরিক মিশ্রণ ও সাংস্কৃতিক আদানপ্রদানের মধ্য দিয়েই গড়ে উঠেছে আজকের ভারতীয় সমাজ। তাই ইতিহাসের বিচারে ‘ভূমিপুত্র’ পরিচয়ের কোনও সহজ বা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই।

অথচ আজ বিশ্বজুড়েই ভূমিপুত্র বনাম বহিরাগত বিভাজনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের রাজ্য অসমও তার ব্যতিক্রম নয়। স্বাধীনতার আগে থেকেই অসমের রাজনীতি অভিবাসন, ভাষা এবং জাতিগত পরিচয়ের প্রশ্নে আবর্তিত হয়ে চলেছে।

রাষ্ট্রবাদী রাজনীতির উত্থানও যে এই উগ্র ভিত্তিহীন জাতিয়তাবাদকে মোকাবেলা করতে সক্ষম হয়নি এর সাম্প্রতিক উদাহরণ শ্রীভূমির বিতর্কিত ঘটনা। মদ্যপ অবস্থায় দুই পক্ষের মারামারির একটি ঘটনাকে কেন্দ্র করে যে জাতিগত উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ব্রহ্মপুত্র উপত্যকার একাংশের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাকের বাঙালিদের নির্বিচারে ‘বাংলাদেশি’ বলে আক্রমণ করা হচ্ছে। একটি বিচ্ছিন্ন ঘটনার দায় সমগ্র জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়ার এই প্রবণতা শুধু নিন্দনীয় নয়, ইতিহাসের প্রতিও চরম অবিচার।

যাঁরা এসব করছেন, তাঁরা হয় বরাকের ইতিহাস সম্পর্কে অজ্ঞ, নয়তো জেনেবুঝেই বিভেদের বিষ ছড়াচ্ছেন। শেষোক্ত শ্রেণিকে বোঝানো কঠিন কারণ ‘চোরা না শোনে ধর্মের কাহিনী’। কিন্তু প্রথম শ্রেণির মানুষের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা জরুরি, যদিও এনিয়ে ইতিপূর্বে প্রচুর লেখালেখি  হয়েছে।

প্রথমেই মনে রাখা দরকার, বরাক উপত্যকার ইতিহাস ১৯৪৭ সালে শুরু হয়নি, ১৮৭৪ সালেও নয়, এমনকি ১২২৮ সালে আহোমদের আগমনের সঙ্গেও নয়। এর শিকড় আরও বহু শতাব্দী প্রাচীন।

বরাকের প্রাচীন ইতিহাস: কী বলছে তাম্রশাসন?
আজকের অসমের দুটি প্রধান নদী উপত্যকা—ব্রহ্মপুত্র এবং বরাক—ভৌগোলিকভাবে যেমন পৃথক, তেমনি তাদের ঐতিহাসিক বিকাশের ধারাও অনেকাংশে স্বতন্ত্র। বরাইল পর্বতমালা দুই উপত্যকাকে পৃথক করেছে। অন্যদিকে বরাক নদী এবং তার শাখানদীগুলি এই অঞ্চলকে সুরমা-কুশিয়ারা অববাহিকার সঙ্গে যুক্ত করেছে। ফলে প্রাচীনকাল থেকেই বরাকের সঙ্গে শ্রীহট্ট, সমতট,হরিকেল এবং পূর্ববঙ্গের অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ গড়ে উঠেছিল।

এই অঞ্চলের প্রাচীন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হল নিধনপুর তাম্রশাসন। ১৯১২ সালে তৎকালীন শ্রীহট্ট জেলার পঞ্চখণ্ড পরগনার নিধনপুর গ্রামে কয়েকটি তাম্রফলক আবিষ্কৃত হয়। এগুলি সপ্তম শতকের কামরূপরাজ ভাস্করবর্মণের আমলে জারি করা ভূমিদানের দলিল। ঐতিহাসিক পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদ এগুলির পাঠোদ্ধার ও বিশ্লেষণ করেন।

এই তাম্রশাসন থেকে জানা যায়, ভাস্করবর্মণ তাঁর পূর্বপুরুষ রাজা ভূতিবর্মণের দেওয়া ভূমিদান পুনর্নবীকরণ করেছিলেন। চন্দ্রপুরী বিষয়ের অন্তর্গত ময়ূরশাল্মল অগ্রহারে দুই শতাধিক বৈদিক ব্রাহ্মণকে করমুক্ত জমি দেওয়া হয়েছিল। তাঁদের গোত্র, বৈদিক শাখা এবং ব্যক্তিগত পরিচয়ের বিবরণও এই দলিলে রয়েছে।

এই আবিষ্কারের তাৎপর্য অপরিসীম। কারণ এর মাধ্যমে প্রমাণিত হয় যে ষষ্ঠ শতকেই বৃহত্তর বরাক–সুরমা অঞ্চলে কৃষিভিত্তিক জনবসতি, ভূমিদান, রাজস্বব্যবস্থা এবং সংগঠিত ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল। একই সঙ্গে কামরূপের রাজশক্তির সঙ্গে শ্রীহট্ট অঞ্চলের অন্তত কিছু অংশের রাজনৈতিক সম্পর্কের প্রমাণও পাওয়া যায়।

পরবর্তী শতাব্দীগুলিতে বিভিন্ন জনগোষ্ঠীর মিশ্রণ এবং ভাষাগত বিবর্তনের মধ্য দিয়েই এই অঞ্চলের বাঙালি সহ  বহুভাষিক সমাজ গড়ে উঠেছে।

নিধনপুরই একমাত্র প্রমাণ নয়। সপ্তম শতকের ত্রিপুরা বা টিপেরা তাম্রশাসনে সমতটের শাসক লোকনাথের ভূমিদানের উল্লেখ রয়েছে। ঐতিহাসিকদের একাংশ সেখানে উল্লিখিত সুবুঙ্গ বিষয়কে কাছাড় অঞ্চলের সঙ্গে শনাক্ত করেছেন। একই সময়ের কালাপুর তাম্রশাসনেও মৌলভীবাজার অঞ্চলে ভূমিদান ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিবরণ রয়েছে।

আরও গুরুত্বপূর্ণ দশম শতকের পশ্চিমভাগ তাম্রশাসন। চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্রের এই দলিলে শ্রীহট্টমণ্ডলের অন্তর্গত চন্দ্রপুর, গরলা ও পোগারার উল্লেখ রয়েছে। নয়টি মঠের জন্য ভূমিদান এবং ছয় হাজার ব্রাহ্মণের বসতি স্থাপনের ব্যবস্থার বিবরণও পাওয়া যায়। একাদশ শতকের ভাটেরা তাম্রশাসন থেকেও এই অঞ্চলে স্থানীয় রাজশক্তির অস্তিত্বের প্রমাণ মেলে।

অর্থাৎ বরাক–সুরমা অববাহিকা কোনও জনশূন্য প্রান্তিক অঞ্চল ছিল না। এখানে কৃষি, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজস্বব্যবস্থা এবং রাজনৈতিক কর্তৃত্বের দীর্ঘ ইতিহাস ছিল। পরবর্তীকালে এই সামাজিক ভিত্তির উপরেই বাংলা ভাষা ও বাঙালি সাংস্কৃতিক পরিচয় ক্রমশ সুসংহত হয়েছে।

আহোমদের আগমন : একটি প্রাসঙ্গিক ঐতিহাসিক তুলনা
অসমের ইতিহাসে ১২২৮ খ্রিস্টাব্দ একটি স্মরণীয় বছর। ওই বছর তাই রাজপুত্র চাওলুং চুকাফা পাটকাই পর্বতমালা অতিক্রম করে পূর্ব অসমে প্রবেশ করেন। তাঁর নেতৃত্বে আগত তাই-আহোম জনগোষ্ঠী পরবর্তীকালে ব্রহ্মপুত্র উপত্যকায় শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করে।

কিন্তু চুকাফার আগমনের পূর্বেও ব্রহ্মপুত্র উপত্যকা জনশূন্য ছিল না। সেখানে বিভিন্ন জনগোষ্ঠীর বসতি এবং প্রাচীন কামরূপের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ছিল। আহোম শাসকেরা স্থানীয় জনগোষ্ঠীগুলির সঙ্গে মিশে এক নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য নির্মাণ করেন। এই প্রক্রিয়াই আজকের অসমিয়া সমাজের অন্যতম ভিত্তি।

এখানে একটি কালানুক্রমিক তুলনা প্রাসঙ্গিক। ষষ্ঠ শতকে ভূতিবর্মণের ভূমিদান এবং সপ্তম শতকে ভাস্করবর্মণের নিধনপুর তাম্রশাসনের মাধ্যমে বরাক–সুরমা অঞ্চলে সংগঠিত জনবসতির যে প্রমাণ পাওয়া যাচ্ছে, তা আহোমদের ১২২৮ সালের আগমনের প্রায় ছয় থেকে সাত শতাব্দী পূর্ববর্তী।

অর্থাৎ আহোমদের আগমনের বহু পূর্বেই এই অঞ্চলে কৃষিভিত্তিক সমাজ ও প্রশাসনিক কাঠামো বিদ্যমান ছিল।

এই তুলনার উদ্দেশ্য কোনও জনগোষ্ঠীর ঐতিহাসিক মর্যাদা খর্ব করা নয়। আহোমরা শতাব্দীর পর শতাব্দী ধরে অসমের ইতিহাস, সমাজ এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। তাঁদের আগমনের ইতিহাস যেমন তাঁদের আজ বহিরাগত করে না, তেমনি বরাকের বাঙালিদেরও তাঁদের ভাষাগত পরিচয়ের কারণে বাংলাদেশি বলা যায় না।
ইতিহাসের বিচারে উভয় গোষ্ঠীকে সমমর্যাদা না দেওয়া নির্বুদ্ধিতার লক্ষন ছাড়া আর কিছুই নয়।

রাজশক্তির পরিবর্তন – জনজীবনের ধারাবাহিকতা
প্রাচীন কামরূপের সঙ্গে সম্পর্কের পর বিভিন্ন সময়ে ত্রিপুরা, কোচ এবং ডিমাসা-কাছাড়ি রাজারা বরাকের বিভিন্ন অংশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। খাসপুরের কোচ রাজবংশ এবং পরবর্তীকালে ডিমাসা শাসকদের ইতিহাস এই অঞ্চলের সাংস্কৃতিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ উদাহরণ।

ডিমাসা রাজারা তাঁদের নিজস্ব ঐতিহ্য বজায় রেখেও স্থানীয় বাঙালি সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। রাজদরবারে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার পৃষ্ঠপোষকতা ছিল। প্রশাসনিক ও ধর্মীয় জীবনেও বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটে। মাইবং এবং সমতল কাছাড়ের প্রস্তরলিপিতে বাংলা অক্ষর দেখা গেছে। পাওয়া গেছে হেড়ম্ব দন্ডবিধির বাংলা লিপি,ডিমাসা রাজসভার কবি ভুবনেশ্বর বাচস্পতি রচিত ” শ্রীনারদি রসামৃত “, মহারাজ কীর্তিচন্দ্রের সনদের বাংলা গদ্য এবং হেড়ম্ব মুদ্রায় উৎকীর্ণ বাংলা বর্ণমালা।

এখানে মনে রাখা দরকার, রাজনৈতিক শাসকের পরিবর্তন ঘটলেই কোনও অঞ্চলের সমগ্র জনবিন্যাস বদলে যায় না। বদলে যায়না ভাষিক ও সাংস্কৃতিক প্রাত্যহিকতা।বরাকেও রাজা বদলেছেন, প্রশাসনিক কাঠামো বদলেছে, কিন্তু এই নদী অববাহিকার কৃষি, বাণিজ্য, জনজীবন এবং ভাষা-সংস্কৃতির ধারাবাহিকতা বজায় থেকেছে।

১৮৩০ সালে শেষ ডিমাসা-কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্রের মৃত্যুর পর ১৮৩২ সালে ব্রিটিশরা কাছাড়ের সমতল অংশ নিজেদের অধীনে নিয়ে আসে।

১৮৭৪ সালের প্রশাসনিক সংযুক্তি ও ১৯৪৭ সালের দেশভাগ
বরাকের আধুনিক রাজনৈতিক ইতিহাস বুঝতে ১৮৭৪ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই বছর ব্রিটিশরা নতুন চিফ কমিশনারশাসিত অসম প্রদেশ গঠন করে। প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলার সঙ্গে যুক্ত কাছাড় ও শ্রীহট্টকে অসমের অন্তর্ভুক্ত করা হয়।

অর্থাৎ আসাম প্রদেশের বর্তমান প্রশাসনিক কাঠামোর সঙ্গে বরাকের সংযুক্তির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয় ঔপনিবেশিক সিদ্ধান্তের মাধ্যমে।  মূলতঃ অর্থনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল বৃটিশ প্রশাসন ,যার সাথে স্থানীয় বাসিন্দাদের ইচ্ছা,অনিচ্ছার কোন সম্পর্ক ছিলনা।
বলা বাহুল্য তার বহু আগে থেকেই এই অঞ্চলের নিজস্ব ইতিহাস, ভাষা এবং সংস্কৃতি গড়ে উঠেছিল এবং বহমান ছিল।

ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনের ঢেউ থেকেও সুরমা বরাক উপত্যকা বিচ্ছিন্ন ছিল না। সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে স্বদেশী আন্দোলন, অসহযোগ, আন্দোলন, খিলাফৎ আন্দোলন ইত্যাদির প্রভাব এই অঞ্চলে প্রসারিত হয়েছে,অনেকে সক্রিয় ভূমিকা নিয়েছেন,কারাবরণ করেছেন। শাসকের নিপীড়নের বিরুদ্ধে ঐতিহাসিক ‘ মুলুক চলো’ আন্দোলন ( ১৯২১) বা চরগোলা এক্সোডাস বরাক উপত্যকার চা শ্রমিকদের সংগ্রামী ঐতিহ্যের মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এরপর আসে ১৯৪৭ সালের দেশভাগ। শ্রীহট্ট গণভোট ও র‍্যাডক্লিফ সীমান্ত নির্ধারণের ফলে শ্রীহট্টের অধিকাংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও করিমগঞ্জ মহকুমার একটি বড় অংশ ভারতে থেকে যায়।

যে মানুষটি দেশভাগের আগে শ্রীহট্ট বা করিমগঞ্জ অঞ্চলে বসবাস করতেন, দেশভাগের পর তাঁর বাড়ি ভারতের মধ্যে না পড়লে তিনি রাতারাতি বহিরাগত হয়ে যাননি। বরং আন্তর্জাতিক সীমান্তই তাঁর পূর্বপুরুষের বসতভূমিকে বিভক্ত করেছে।

বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ১৯৭১ সালে। অথচ বরাকের বাঙালি সমাজের ইতিহাস তার বহু শতাব্দী পূর্ববর্তী। তাই বাংলা ভাষা, শ্রীহট্টি উপভাষা কিংবা বাঙালি পদবি দেখে কাউকে বাংলাদেশি বলে চিহ্নিত করা ইতিহাস ও নাগরিকত্ব—উভয় প্রশ্নেই বিভ্রান্তিকর।

ভাষার অধিকার ও নাগরিক পরিচয় :
বরাকের বাঙালিদের ঐতিহাসিক পরিচয়ের আলোচনা ১৯৬১ সালের ভাষা আন্দোলন ছাড়া অসম্পূর্ণ। ১৯ এর ভাষা শহিদদের আত্মত্যাগ ছিল এই অঞ্চলের মানুষের ভাষিক ও সাংস্কৃতিক পরিচয় এবং সাংবিধানিক অধিকার রক্ষার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ।

যে জনগোষ্ঠী নিজের মাতৃভাষার স্বীকৃতির জন্য স্বাধীন ভারতে প্রাণ দিয়েছে, সেই জনগোষ্ঠীকে আজ নির্বিচারে বিদেশি আখ্যা দেওয়া কতটা যুক্তিসংগত?

কারুর নাগরিকত্ব নির্ধারণের জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, আইনকানুন রয়েছে। সেই পরীক্ষাও বার বার দিতে হয়েছে এবং হচ্ছে রাজ্যের বাঙালিদেরকে।কিন্তু সেই প্রশ্নের সঙ্গে সমগ্র ভাষাভাষী জনগোষ্ঠীর পরিচয়কে এক করে দেখা কতটা যুক্তিযুক্ত ?বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশের নাগরিক হয়ে যান না। একইভাবে কোনও জনগোষ্ঠীর প্রাচীন ইতিহাসও প্রত্যেক ব্যক্তির নাগরিকত্বের স্বয়ংক্রিয় প্রমাণ হতে পারে না।

বরাকের ইতিহাস শুধু বাঙালিদের নয়। ডিমাসা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, চা-জনগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়ের সম্মিলিত অবদানে এই অঞ্চলের সমাজ ও সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু সেই বহুত্বের অজুহাতে বরাকের বাঙালিদের দীর্ঘ ঐতিহাসিক উপস্থিতিকে অস্বীকার করারও সুযোগ নেই।

শ্রীভূমির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে যাঁরা বরাকের মানুষকে বাংলাদেশি বলে আক্রমণ করছেন, তাঁদের কাছে তাই প্রশ্ন—ষষ্ঠ শতকের নিধনপুর তাম্রশাসন, দশম শতকের পশ্চিমভাগ তাম্রশাসন এবং পরবর্তী সহস্র বছরের ইতিহাসকে কি এক কথায় মুছে ফেলা সম্ভব?

ইতিহাস বলছে, সম্ভব নয়।
বরাকের বাঙালিরা নিজেদের ভারতীয় পরিচয় প্রতিষ্ঠার জন্য অন্য কোনও জনগোষ্ঠীর ইতিহাসকে খাটো করে দেখাতে মোটেই আগ্রহী নন। তবে নিজেদের ভুখন্ডের দীর্ঘ সামাজিক, সাংস্কৃতিক এবং বহুভাষিক মেলবন্ধনের ইতিহাসকে ভুলে যেতেও রাজী নন।

তাঁরা এখনো বিশ্বাস রাখেন যে অসমের প্রকৃত শক্তি কোনও একক জাতিগত পরিচয়ে নয়, তার বহুভাষিক, বহুজাতিক এবং বহুসাংস্কৃতিক ঐতিহ্যে।

আর সেই ঐতিহ্য রক্ষার প্রাথমিক শর্তই যদি বারবার একতরফা লঙ্ঘিত হয় , যদি বারবার তাঁদের অপমানিত হতে হয় তবে এই ঐক্যের যোগসূত্র আগামীতে ছিন্ন হবার সম্ভাবনা রয়েছে।
(মতামত লেখকের ব্যক্তিগত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *