বিধানসভায় হাইলাকান্দির জলসঙ্কট নিয়ে সরব বিধায়ক মিলন দাস

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসম বিধানসভায় হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের পানীয়জলের সংকটের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। তিনি বলেন, শহরের বহু এলাকায় নিয়মিত বিশুদ্ধ পানীয়জল না পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

বিধায়ক ড. দাস বিধানসভায় হাইলাকান্দি ও লালা শহরে নির্মাণাধীন বৃহৎ জলসরবরাহ প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কেও সরকারের কাছে বিস্তারিত তথ্য জানতে চান। পাশাপাশি আলগাপুরে নির্মাণাধীন মেগা জলসরবরাহ প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, কবে নাগাদ প্রকল্পটি সম্পূর্ণ হবে এবং সাধারণ মানুষের জন্য চালু করা সম্ভব হবে— সে বিষয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হলে হাইলাকান্দি জেলার দীর্ঘদিনের পানীয়জলের সমস্যা অনেকটাই দূর হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলির কাজ সম্পন্ন করে দ্রুত জল সরবরাহ শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

ড. মিলন দাসের উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে প্রকল্পগুলির অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ায় হাইলাকান্দির জলসঙ্কটের সমাধানে প্রশাসনিক তৎপরতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *