বরাক তরঙ্গ, ১৪ জুলাই : গুয়াহাটির নিকটবর্তী অসম–মেঘালয় সীমান্তের জালুকপাহাম এলাকায় জলপ্রপাতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম নিখিল ঝা (২৫)। তিনি গুয়াহাটির ফটাশিল এলাকার বাসিন্দা ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সোমবার বন্ধুদের সঙ্গে বেড়াতে যান নিখিল ঝা। ঘুরতে গিয়ে জালুকপাহামের একটি জলপ্রপাতে স্নান করতে নামেন তিনি। স্নানের সময় আচমকাই গভীর জলে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের সহায়তায় দীর্ঘ তল্লাশির পর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বর্ষাকালে পাহাড়ি জলপ্রপাত ও নদীর স্রোত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। তাই এ ধরনের পর্যটনস্থলে ভ্রমণের সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন। নিখিল ঝা-র অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।



