বরাক তরঙ্গ, ১৩ জুন : অরুণাচল প্রদেশের চেপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাওবৈচার পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যুবকদের মৃত্যু হয়।
নিহতরা কর্মসূত্রে অরুণাচলে অবস্থান করছিলেন। তবে দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পর অসম পুলিশ অরুণাচল পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। দুই রাজ্যের পুলিশ যৌথভাবে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে, পৃথক দুর্ঘটনায় লখিমপুর জেলার চার ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁরা লখিমপুরের ভরলুয়া এলাকা থেকে চেপা বাজারে যাচ্ছিলেন। পাঁচ ব্যবসায়ীর দলটি চেপা বাজারের ম্যানেজার নূর হোসেনের বোলেরো গাড়িতে করে যাত্রা করছিলেন। চেপা অভিমুখে যাওয়ার পথে চেপা ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায়। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।



