মোন জেলায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বাড়ি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : নাগাল্যান্ডের মোন জেলার লংজাং গ্রামে মঙ্গলবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আরও একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনায় কোনও হতাহত বা গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আগুন লাগে। সেই সময় গ্রামের বহু পরিবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে প্রায় ৫০০ মিটার দূরে আয়োজিত জব কার্ডের ছবি তোলার কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন।

গ্রাম সূত্রে জানা যায়, বাড়িতে থাকা মহিলা ও শিশুরাই প্রথম আগুন দেখতে পান। এরপর তাঁরা চিৎকার করে আশপাশের মানুষকে সতর্ক করেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনও তথ্য মেলেনি।

দুর্গম এলাকায় জরুরি পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রেও এই ঘটনা নতুন করে সমস্যার বিষয়টি সামনে এনেছে। লংজাং গ্রামে কোনও দমকল কেন্দ্র নেই। নিকটতম দমকল পরিষেবা রয়েছে মোন শহরে, যা গ্রামটি থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে। ফলে জরুরি পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে পৌঁছতে দেরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ বা সরকারি সহায়তার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *