মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট: পাথারকান্দির লোয়াইরপোয়া মণ্ডলের ১৬৮ নম্বর বুথের বিজেপি সভাপতি বিকাশ কুমার ধরের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বিকাশ কুমার ধরের মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি নয়, ভারতীয় জনতা পার্টি তথা সমগ্র সংগঠনের জন্যও অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কথায়, “আজ আমরা হারালাম একজন নিবেদিতপ্রাণ কর্মী, সংগঠনের এক অকৃত্রিম সৈনিক এবং অত্যন্ত প্রিয় মানুষকে। বিকাশ দার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবেও গভীরভাবে মর্মাহত।” মন্ত্রী জানান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মাধ্যমে বিকাশ ধরের দীর্ঘ সাংগঠনিক জীবনের সূচনা। পরবর্তীতে একল বিদ্যালয়ের পূর্ণকালীন কর্মী হিসেবে সমাজসেবায় আত্মনিয়োগ করেন তিনি। কারসেবক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর দীর্ঘ কয়েক দশক ধরে নিষ্ঠা, সততা ও আত্মত্যাগের সঙ্গে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেন।
মৃত্যুর সময় তিনি ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া বিজেপি মণ্ডলের ১৬৮ নম্বর বুথের সভাপতির দায়িত্বে ছিলেন। মন্ত্রী বলেন, একজন আদর্শ সংগঠক হিসেবে বিকাশ ধর সবসময় দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
শোকবার্তায় কৃষ্ণেন্দু পাল আরও বলেন, বিকাশ ধরের নিষ্ঠা, সরলতা, কর্মস্পৃহা ও মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। সংগঠনের প্রতি তাঁর অবদান আগামী প্রজন্মের কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, “বিকাশ দা, আপনার সেবা, ত্যাগ ও অসংখ্য স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। আপনার শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।”
নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আইন অনুযায়ী হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেষে প্রয়াত বিকাশ কুমার ধরের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।



