পাথারকান্দিতে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে দেশপ্রেমের জোয়ার

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট:
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পাথারকান্দিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা তিরঙ্গার রঙে রঙিন হয়ে ওঠে। তিরঙ্গা যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক তথা অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর নেতৃত্বে বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, যুব ও মহিলা মোর্চার সদস্য, বিশিষ্ট নাগরিক এবং সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা চলাকালীন পাথারকান্দি শহর মুখরিত হয়ে ওঠে দেশাত্মবোধক স্লোগানে। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’ ধ্বনিতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ শোভাযাত্রাকে স্বাগত জানান। শিশু থেকে প্রবীণ—বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিতে বিশেষ মাত্রা যোগ করে।

এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, স্বাধীনতা দিবস শুধু উৎসবের দিন নয়, এটি দেশের বীর শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণ করার দিন। তাঁদের ত্যাগের বিনিময়েই দেশের মানুষ স্বাধীনভাবে বসবাসের সুযোগ পেয়েছেন। দেশের ঐক্য, অখণ্ডতা ও উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি জাতীয় পতাকার প্রতি মানুষের শ্রদ্ধা, দেশপ্রেম ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করেছে। তিরঙ্গা ভারতের ঐক্য, আত্মমর্যাদা ও জাতীয় চেতনার প্রতীক।

বিজেপি নেতৃবৃন্দের বক্তব্য, স্বাধীনতার ৮০তম বর্ষে এই তিরঙ্গা যাত্রা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলবে এবং স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে স্মরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় পতাকার প্রতি সম্মান ও ঐক্যবদ্ধ ভারতের বার্তা নিয়ে অনুষ্ঠিত এই শোভাযাত্রা পাথারকান্দির স্বাধীনতা দিবস উদযাপনে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *