মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট: পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ১২৫ নম্বর বুথ সমিতির বিজেপি সভাপতি বিকাশ কুমার ধরের নৃশংস হত্যাকাণ্ডে শ্রীভূমি জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের একনিষ্ঠ ও কর্মঠ সংগঠককে এভাবে হারানোর ঘটনায় বিজেপির নেতা-কর্মীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে।
বুধবার নিখোঁজ হওয়ার পর দীর্ঘ অনুসন্ধানের শেষে বিকাশ ধরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া শোকবার্তায় বিকাশ কুমার ধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, বিকাশ ধর ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও দক্ষ সংগঠক। তৃণমূল স্তরে দলের সংগঠনকে শক্তিশালী করতে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ এবং দলের প্রতি তাঁর আনুগত্য ছিল প্রশংসনীয়।
দিলীপ শইকিয়া বলেন, বিকাশ ধরের মৃত্যু তাঁর পরিবারের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির জন্যও এক অপূরণীয় ক্ষতি। সাংগঠনিক ক্ষেত্রে তাঁর অবদান দলীয় কর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল সংগঠককে হারিয়ে দল গভীরভাবে শোকাহত।
অসম বিজেপির সভাপতি প্রয়াত বিকাশ ধরের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। এই কঠিন সময়ে দল পরিবারের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অন্যদিকে, হত্যাকাণ্ডের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। হত্যার পেছনে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত চলছে।
উল্লেখ্য, বিকাশ ধর দীর্ঘদিন ধরে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ১২৫ নম্বর বুথ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখেও তিনি পাশে থাকতেন। তাঁর আকস্মিক ও নৃশংস মৃত্যুতে রাজনৈতিক মহলের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যেও গভীর শোকের আবহ তৈরি হয়েছে।



