টোলেন দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত NIA-কে দিতে রাজি মণিপুর সরকার

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : মণিপুরের তামেংলং জেলার টোলেন গ্রামে কুকি-জো দম্পতি সেখোনেহ সিংসিত ও লিংজাংগাই সিংসিত হত্যাকাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-এর হাতে তুলে দিতে সম্মতি জানিয়েছে মণিপুর সরকার।

হত্যাকাণ্ডের পর গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটির (JAC) সঙ্গে সরকারের একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর টোলেন গ্রামে ওই দম্পতিকে হত্যা করা হয় বলে অভিযোগ। তাঁদের মৃত্যুর পর চার নাবালক সন্তান অসহায় হয়ে পড়েছে। একই ঘটনায় তাঁদের চার বছরের ছেলে হেনমিনসাং সিংসিত গুরুতর আহত হয়।

সরকারের পক্ষ থেকে নিহত দম্পতির পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি চার ভাই-বোনের পুনর্বাসন এবং তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ধারাবাহিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।

এছাড়া টোলেন, কাইমাই এবং থিংতুহবুং-কুলবুং-সহ স্পর্শকাতর এলাকাগুলিতে পর্যাপ্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়েও সরকার সম্মতি দিয়েছে।

চুক্তি অনুযায়ী, সরকারের ঘোষিত প্রতিশ্রুতিগুলি আগামী ৩০ দিনের মধ্যে বাস্তবায়ন করার কথা রয়েছে। NIA-র হাতে তদন্তভার হস্তান্তরের সিদ্ধান্তকে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সূত্র: Northeast Publics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *