সড়ক দুর্ঘটনায় নাগাবাজারে চার বছরের শিশুর মৃত্যু, শোক কৌশিক রায়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর: লক্ষীপুর বিধানসভা এলাকার বরমামদা গ্রামে ডিআই ট্রাকের ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার রাতে মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নিয়ে গভীর সমবেদনা জানান মন্ত্রী। শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রয়াত শিশুর আত্মার শান্তি কামনা করেন তিনি। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন মন্ত্রী কৌশিক রায়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ লক্ষীপুর থানা এলাকার রূপাইবালি নাগা বাজারে ইটবোঝাই একটি ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে চার বছরের এক শিশশু বিবেক রবিদাসের। সে স্থানীয় বাসিন্দা রঞ্জিত রবিদাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,  নাগা বাজার এলাকায় একটি অটো থেকে নামার পর রাস্তা পার হতে দৌড় দেয় বিবেক। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ডিআই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি আটকে চালককে মারধর করেন। খবর পেয়ে লক্ষীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *