শ্রেষ্ঠ গল্পকার আনসার উদ্দিন, শ্রেষ্ঠ কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়, বিশেষ পুরস্কার মিতা দাসপুরকায়স্থকে
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : সাহিত্যচর্চা ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ ‘মৈত্রীদূত’ শারদীয় পত্রিকার ২০২৬ সালের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর ‘সুখেন্দু বিকাশ মৈত্র’ স্মৃতি পুরস্কার-এ শ্রেষ্ঠ গল্পকার হিসেবে নির্বাচিত হয়েছেন আনসারউদ্দিন। অন্যদিকে ‘সুরেন্দ্র নাথ রায়’ স্মৃতি পুরস্কার-এ শ্রেষ্ঠ কবির সম্মান পাচ্ছেন মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়। এছাড়া ‘মৈত্রীদূত’-এর ‘চিঠিপত্র’ বিভাগে বিশেষ পুরস্কার পাচ্ছেন কবি-লেখক-প্রকাশক -সম্পাদক শিলচরের মিতা দাসপুরকায়স্থ।
পুরস্কার প্রাপকদের হাতে আগামী ২ অক্টোবর, শুক্রবার, ‘মৈত্রীদূত’ শারদীয় পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে। পুরস্কারের সঙ্গে থাকছে মোটা অঙ্কের সম্মাননা এবং আরও কিছু বিশেষ প্রাপ্তি।
‘মৈত্রীদূত’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ অক্টোবর কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশন অডিটোরিয়াম (বিধান), কল্যাণী-তে শারদীয় সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে পুরস্কার প্রদান ছাড়াও গান, কবিতা, গল্প ও সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। সাহিত্যপ্রেমী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
১৯৯৭ সালের ২০ ডিসেম্বর ‘দেয়াল পত্রিকা’ থেকে যাত্রা শুরু করে ‘মৈত্রীদূত’ বর্তমানে ২৬তম সংখ্যায় পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় সাহিত্য ও সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান নিঃসন্দেহে পত্রিকাটির সাহিত্যিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে। আয়োজকরা সাহিত্যপ্রেমীদের সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।




