বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে ধোয়ারবন্দে বৌদ্ধিক সভা রবিবার

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : বরাক উপত্যকায় গৌহাটি উচ্চ আদালতের একটি বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরদার করতে আগামী ২১ জুন (রবিবার) এক বৌদ্ধিক সভার আয়োজন করেছে ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি। কাছাড় জেলার ধোয়ারবন্দের গ্রিন উড রিসোর্টে দুপুর ১২টা থেকে এই সভা অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার একটি উপযুক্ত স্থানে গৌহাটি উচ্চ আদালতের বেঞ্চ স্থাপনের দাবিতে গঠিত ‘হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি’-র চলমান সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবেই এই সভার আয়োজন করা হয়েছে। বরাকবাসীর দীর্ঘদিনের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইয়াসি।

সভায় শিলচর থেকে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন উদয়শঙ্কর গোস্বামী, প্রসেনজিৎ দেব, ড. বিভাস দেব, নিখিল পাল, দেবমিতা চক্রবর্তী, পঙ্কজকান্তি দে, জ্যোতির্ময় নাথ এবং ধর্মানন্দ দেব। তাঁরা বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, সম্ভাবনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

ইয়াসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আহ্বায়ক বাবুল রাই, কর্মসূচি-ইনচার্জ শেখর ধর এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বৃহত্তর ধোয়ারবন্দ এলাকার সচেতন নাগরিক, কলেজ শিক্ষার্থী, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *