২৬ এপ্রিল : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে বন্দুকবাজের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ওয়াশিংটনের হোটেলে শনিবারের ঘটনার পরে আমেরিকার প্রেসিডেন্ট, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ হোয়াইট হাউসের অন্য কর্তারা সুরক্ষিত আছেন জেনে স্বস্তি পেলাম। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। দ্ব্যর্থহীন ভাবে এর নিন্দা করি।’
শনিবার রাতে (ওয়াশিংটনের সময়) হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজের অনুষ্ঠানে গিয়েছিলেন ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ভাইস প্রেসিডেন্ট ভান্স-সহ আমেরিকার একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা সেখানে এক যুবক বন্দুক নিয়ে হামলা চালায় বলে দেখা গিয়েছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)-য়। হামলাকারীকে পাকড়াও করা হয়েছে।
ঘটনার পর ট্রাম্প অভিযুক্তের একটি ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে খালি গায়ে এক যুবককে উপুড় করে শুয়ে রাখা হয়েছে। তাঁর হাত এবং পা বাধা, চোখ বন্ধ। সেই সঙ্গে ট্রাম্প জানান, তিনি, মেলানিয়া এবং অন্য প্রশাসনিক আধিকারিকেরা নিরাপদে রয়েছেন।



