শিবেরগুল মহাবীর পাব্লিক হায়ার সেকেন্ডারি স্কুলে অত্যাধুনিক ভবনের শিলান্যাস

Spread the news


মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ জুন : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল শিবেরগুল মহাবীর পাব্লিক হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্প। মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে শুক্রবার লোয়াইরপোয়া ব্লকের এই শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যাধুনিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হয়। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পের সূচনায় বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল প্রায় ১১টায় অনুষ্ঠিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, বিদ্যালয় পরিচালন সমিতির সভানেত্রী অর্পণা সূত্রধর, লোয়াইরপোয়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী বর্ণালী সিনহা, বিদ্যালয়ের অধ্যক্ষ রাজীব পাল, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প (NESIDS)-এর অধীনে রাজ্যের ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছে শিবেরগুল মহাবীর পাব্লিক হায়ার সেকেন্ডারি স্কুল। বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণে মোট ৬১৮.০৮ লক্ষ টাকা, অর্থাৎ প্রায় ৬.১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নির্মাণকাজের দায়িত্বে রয়েছে পিডব্লিউডি-র করিমগঞ্জ টেরিটোরিয়াল বিল্ডিং ডিভিশন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ সদস্য স্বপন দাস বলেন, পাথারকান্দি কেন্দ্রের শিক্ষাক্ষেত্রে গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে গ্রামীণ ও চা-বাগান অধ্যুষিত অঞ্চলে শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে। তিনি জানান, কেন্দ্রের বিভিন্ন এলাকায় আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন, কলেজগুলিতে শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের কাজ চলছে। তিনি আরও উল্লেখ করেন, বাজারিছড়ায় নবনির্মিত কলেজে খুব শীঘ্রই নিয়মিত পাঠদান শুরু হবে, যা এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি, পাঠ্যপুস্তক, ইউনিফর্ম, মধ্যাহ্নভোজন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও স্কুটি প্রদানের মতো বিভিন্ন প্রকল্প শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনছে বলেও তিনি মন্তব্য করেন। নতুন ভবন নির্মাণে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে স্বপন দাস বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্মাণকাজে নিয়মিত নজরদারি রাখার আহ্বান জানান।

অন্যদিকে, বিদ্যালয় পরিচালন সমিতির সভানেত্রী অর্পণা সূত্রধর এবং অধ্যক্ষ রাজীব পাল এই বৃহৎ প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও আধুনিক হবে এবং ছাত্রছাত্রীরা উন্নত সুযোগ-সুবিধার মাধ্যমে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *