১৭ আগস্ট : ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চল। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মানির জিওফিজিক্যাল রিসার্চ সেন্টার (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
নতুন করে এই কম্পন এমন এক সময়ে অনুভূত হলো, যখন গত শনিবারের ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর এখনো বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ অভিযান চলছে। ওই ভূমিকম্পে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৩৫ জন। নিরাপদ আশ্রয়ের জন্য প্রায় ৫ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে।
ভূমিকম্পের পর ফ্লোরেস ও সংলগ্ন এলাকায় একের পর এক পরাঘাত অব্যাহত রয়েছে। সোমবার পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কম্পন স্থানীয় বাসিন্দারা অনুভব করেছেন। নতুন ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকর্মী ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ আরও বেড়েছে।
শনিবারের শক্তিশালী ভূমিকম্পে বহু ঘরবাড়ি, সড়ক, বিদ্যালয়, হাসপাতাল ও সরকারি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। এখন পর্যন্ত ৯০০টিরও বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং আরও কয়েকশ বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।



