১৫ নভেম্বর : ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার রাফাহ ব্রিগেড কমান্ডার সামির মাহমুদ আবু ইউনুস নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন।
রবিবার সংগঠনটির পক্ষ থেকে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইজরায়েলের সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছিল, ওই হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তারা তাঁর পরিচয় প্রকাশ করেনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সামির আবু ইউনুস হামাসের সাধারণ সামরিক পরিষদের সদস্য ছিলেন। এর আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার গত ১৫ সেপ্টেম্বর খান ইউনুসে ইজরায়েলি হামলায় নিহত হন। পরে তাঁর স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে অবস্থানরত অন্য যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়। তবে ওই হামলায় একজন চিকিৎসক ও ১৩ বছর বয়সি এক শিশুসহ ছয়জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। ইজরায়েলি বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু আবু ইসমাইলের পরিণতি তখনো নিশ্চিত হওয়া যায়নি।



