জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

Spread the news

১৭ আগস্ট : পাকিস্তানের জনপ্রিয় এক টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ওই নারীর নাম শামসো বিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। তার বাবার দাবি, টিকটকে বিবির ১৩ লক্ষেরও বেশি ফলোয়ার ছিল। খবর গালফ নিউজের।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, গত ১৪ আগস্ট ভাইবোনদের সঙ্গে গাড়িতে যাওয়ার সময় মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
বিবির বাবা ফজল সাহেবজাদা পুলিশকে জানান, ঘটনার দিন কাশিফ নামে এক ব্যক্তির কাছ থেকে তার মেয়ে ফোন পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়। এরপর ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে বের হন বিবি।

তারা একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরবাইকে থাকা দুই ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ সময় একটি গুলি বিবির ঘাড়ে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্য একটি গাড়িতে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।

ডেইলি পাকিস্তান ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিবির বাবা পুলিশকে আরও জানান, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চেয়ে ওই দুজন বিবিকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে এর আগে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।

ঘটনার পর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *