৮ মে : তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দাক্ষিণাত্যের এই রাজ্যে এক বেনজির সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। একক বৃহত্তম দল হিসেবে সরকার গড়ার সুযোগ চেয়েও রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কাছ থেকে কোনো নিশ্চয়তা পাননি ‘তামিলাগা ভেট্টি কজাগম’ প্রধান বিজয়। এই পরিস্থিতিতে হারানো জমি বাঁচাতে ‘চিরশত্রু’ ডিএমকে ও এডিএমকে হাত মেলাতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে।
কংগ্রেস ইতিমধ্যেই বিজয়কে সমর্থনের কথা জানালেও রাজ্যপাল অনড়। তাঁর সাফ কথা, ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থনপত্র না থাকলে তিনি টিভিকে-কে সরকার গড়ার আমন্ত্রণ জানাবেন না। এই অচলাবস্থার মাঝেই বিজয় কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, রাজ্যপাল যদি একক বৃহত্তম দল হিসেবে তাঁদের সুযোগ না দেন, তবে টিভিকে-র ১০৭ জন বিধায়কই একযোগে পদত্যাগ করবেন।
অন্যদিকে, বিজয়কে আটকাতে স্ট্যালিনের ডিএমকে এবং পলানীস্বামীর এডিএমকে জোট গড়তে পারে বলে যে জল্পনা ছড়িয়েছে, তা সফল হলে তামিলনাড়ুর কয়েক দশকের দ্রাবিড় রাজনীতির মেরুকরণ সম্পূর্ণ বদলে যাবে। বিজয়ের মতো এক নবাগত রাজনৈতিক শক্তির দাপটে দীর্ঘদিনের দুই প্রতিপক্ষ দলের এই সম্ভাব্য ‘অশুভ আঁতাত’ নিয়ে রাজ্য রাজনীতিতে এখন তীব্র উত্তেজনা।



