দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শিলচর রাঙ্গিরখাড়ির একটি বিবাহভবনে কানেক্টিং রুরাল হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলার বিভিন্ন ব্লকের প্রতিনিধিদের সঙ্গে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের সিএমডি আজমল হুসেন বলেন, গ্রামীণ স্বাস্থ্য ও কল্যাণ সংযোগ ফাউন্ডেশন গ্রামাঞ্চলের মানুষের কাছে সুলভ ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘গ্রামীণ স্বাস্থ্য ও কল্যাণ প্রবেশ পরিকল্পনা’ নামে উদ্যোগ নিয়েছে। প্রকল্পের আওতায় গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, পরীক্ষা ও ওষুধ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রকল্পে বেসরকারি চিকিৎসক, ফার্মেসি, ল্যাব টেস্ট ও নার্সিংহোমে ১০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং সাধারণ রোগীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
দরিদ্র ও দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য, ওষুধ, পানির ফিল্টার ও বস্ত্র বিতরণ, মাতৃ-শিশু স্বাস্থ্যের উন্নতি, মহল্লা ক্লিনিক, কাউন্সেলিং সেন্টার, বিকলাঙ্গ ও দুঃস্থ মহিলাদের আর্থিক সহায়তা এবং ক্যানসার রোগীদের সহায়তার উদ্যোগও প্রকল্পের অন্তর্ভুক্ত। ফাউন্ডেশনের লক্ষ্য—সমাজের কোনও ব্যক্তি যেন উপযুক্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। সম্পূর্ণ সভাটি পরিচালনা করেন শরিফ উদ্দিন।

এদিন উপস্থিত ছিলেন রুহিনা বেগম, আবুল বাহার লস্কর, শবরাম চৌধুরী, সাহেলা লস্কর, সোমা সাহা, শাহিদ মুস্তাফা মজুমদার, সাহির হুসেন লস্কর, তৈয়বুর রহমান, কুহিনুর আলম লস্কর, প্রিয়ঙ্কা রায়, লুহিজ আহমদ বড়ভূইয়া, সুওন বেগম লস্কর, হাফসা বেগমসহ আরও অনেকে।



