মিজোরামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার বড়খলার দুই যুবক সহ তিন

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : মিজোরামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তিনটি ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে অসমের কাছাড় জেলার দু’জন রয়েছে।

মঙ্গলবার কলাসিব জেলা পুলিশের অধীন বিলখাওথলির পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১.৬১৮ কেজি সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে। ১৩৬টি সাবান কেসে থাকা এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.২৩ কোটি টাকা। ট্রাকটির নম্বর AS 01SC 9244। ঘটনায় অসমের কাছাড় জেলার বড়খলার বুড়িবাইলের আব্দুল আহমেদ লস্কর (২৬) এবং বড়যাত্রাপুরের সৈয়দ আহমেদ লস্কর (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর সাইতুয়াল জেলা পুলিশের বিশেষ দল কেফাংয়ের কুয়ালমাওয়িতে রুটিন তল্লাশি চালানোর সময় একটি ব্রেজা গাড়ি থেকে ৪৬৭ গ্রাম হেরোইন উদ্ধার করে। ৪৪টি সাবান কেসে থাকা মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৩ লক্ষ ৪০ হাজার টাকা। গাড়িটির নম্বর ML 10 C 2213। গাড়িটি চালাচ্ছিলেন ৩৯ বছর বয়সী টংখোলুন তৌথাং। মণিপুর থেকে আইজলের দিকে যাওয়ার সময় তাঁকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *