ক্যালিফোর্নিয়ায় দুই ঈদের ছুটির আনুষ্ঠানিক স্বীকৃতি

Spread the news

৩০ সেপ্টেম্বর : মুসলিমদের অন্যতম প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। AB 2017 বা State Holidays: Eid বিলটিতে ২৭ সেপ্টেম্বর স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।

বিলটি উত্থাপন করেছিলেন সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিলটি উত্থাপনের পর কয়েক ধাপে আইনসভায় অনুমোদন পায়। ৩০ আগস্ট ক্যালিফোর্নিয়ার আইনসভার দুই কক্ষেই বিলটি পাস হয় এবং ১০ সেপ্টেম্বর তা গভর্নরের কাছে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর নিউজম এতে স্বাক্ষর করেন।

নতুন আইনে ইসলামি চান্দ্রপঞ্জিকার শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত করা হয়েছে। ফলে ইংরেজি ক্যালেন্ডারে প্রতি বছর ঈদের তারিখ পরিবর্তিত হলেও এই স্বীকৃতি বহাল থাকবে।

তবে এর অর্থ এই নয় যে ঈদের দিন ক্যালিফোর্নিয়ার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা আদালত বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। আইনটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে বিচারিক ছুটির তালিকা থেকে আলাদা রাখা হয়েছে।

আইনে মুসলিম শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুবিধার কথা রাখা হয়েছে। ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালনের কারণে কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে সেটিকে অনুমোদিত অনুপস্থিতি হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজ ঈদের দিন বন্ধ রাখতে পারবে। তবে প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিনিধিত্বকারী কর্মীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

সরকারি কর্মীদের জন্যও ঈদ পালনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী কোনো রাজ্য সরকারি কর্মী ঈদুল ফিতর বা ঈদুল আজহাকে কেন্দ্র করে আট ঘণ্টার ছুটির ক্রেডিট নেওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ছুটি বা নির্ধারিত লিভ ক্রেডিট ব্যবহারের বিধান রয়েছে।

ক্যালিফোর্নিয়ার আইনসভায় বিলটির প্রধান সহ-উদ্যোক্তাদের মধ্যে ছিলেন অ্যাসেম্বলি সদস্য আশ কালরা ও স্টেফানি নগুয়েন এবং সিনেটর আইশা ওয়াহাব। বিলটি আইনে পরিণত হওয়ার ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এখন ক্যালিফোর্নিয়ার রাজ্য-ছুটির তালিকায় আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *