বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর: সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার শিলচরসহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ধর্মীয় নিষ্ঠা, ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হল ছটপূজার সন্ধ্যাকালীন পর্ব। ছটপূজাকে কেন্দ্র করে এদিন উৎসবের আমেজে মেতে ওঠে গোটা বরাক উপত্যকা। শহর ও গ্রামের বিভিন্ন নদী, পুকুর এবং জলাশয়ের ঘাটে সকাল থেকেই ছিল সাজসাজ রব। বিকেল গড়াতেই পূজার্চনার জন্য ঘাটে ঘাটে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা।
শিলচর শহরের অন্নপূর্ণা ঘাট, বরাক নদীর তীরসহ বিভিন্ন জলাশয়ের ঘাটে ছটপূজার বিশেষ আয়োজন করা হয়। ফলমূল, ফুল, ঠেকুয়া, প্রদীপ ও পূজার অন্যান্য সামগ্রীতে সেজে ওঠে ঘাটগুলি। সন্ধ্যায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে কোমরসমান জলে দাঁড়িয়ে সূর্যদেবের আরাধনায় মগ্ন হন ব্রতধারীরা। মহিলাদের পাশাপাশি পুরুষরাও পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সূর্যাস্ত পর্যন্ত চলে এই বিশেষ উপাসনা। পূজা শেষে নিজেদের পূজার সামগ্রী নিয়ে বাড়ি ফিরে যান ভক্তরা।

উল্লেখ্য, ছটপূজা মূলত সূর্যদেব ও ছঠি মাইয়ার উপাসনাকে কেন্দ্র করে পালিত হয়। সংস্কৃত ‘ষষ্ঠী’ শব্দ থেকে ছট নামের উৎপত্তি। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ছঠি মাইয়া সন্তানদের রক্ষাকর্ত্রী এবং সূর্যদেব শক্তি, আলো ও জীবনের উৎস। সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনার পাশাপাশি পরিবারের সুখ-শান্তি, রোগমুক্তি ও সমৃদ্ধির প্রার্থনায় ভক্তরা এই কঠোর ব্রত পালন করেন। প্রকৃতিতে সূর্যের অপরিসীম অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও এই পূজার অন্যতম তাৎপর্য।

ছটপূজার রীতি অনুযায়ী, আগামীকাল সোমবার ভোরে সূর্যোদয়ের আগে ফের নদী ও জলাশয়ের ঘাটে সমবেত হবেন ব্রতধারীরা। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন ও পূজার্চনার মধ্য দিয়ে সম্পন্ন হবে ছটপূজার চূড়ান্ত পর্ব। এরপর ব্রত সমাপ্ত করে বাড়ি ফিরবেন পুণ্যার্থীরা। ছটপূজাকে ঘিরে শিলচরসহ সমগ্র বরাক উপত্যকায় সৃষ্টি হয়েছে এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসব ভক্তির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য বার্তাও বহন করছে।



