ধনিপুর লামার গ্রাম এলপি স্কুলে SMC গঠন ঘিরে উত্তেজনা, অনিয়মে সরব অভিভাবকরা

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সোনাই কেন্দ্রের অন্তর্গত ১৪৬১ নং ধনিপুর লামার গ্রাম এলপি স্কুলে স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। কমিটি গঠনে অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এবং অভিভাবকদের আইনি মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর বিদ্যালয়ে SMC গঠনের উদ্দেশ্যে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত অভিভাবকদের মধ্যে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মতবিরোধ দেখা দেয়। অভিযোগ অনুযায়ী, সাবিনা ইয়াসমিন লস্করের সমর্থনে ১৪ জন এবং অমরুল হেসেন লস্করের সমর্থনে ২৭ জন অভিভাবক উপস্থিত ছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ অভিভাবকের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম লস্কর এবং অন্য কয়েকজনের উপস্থিতিতে সভা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি, হাতিম আসবা মেমোরিয়াল এমই স্কুলের শিক্ষিকা রেজিয়া খাতুন লস্করের বিরুদ্ধেও উত্তেজনা সৃষ্টিতে ভূমিকা রাখার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ অভিভাবকরা। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

এদিকে, SMC গঠন নিয়ে বিরোধের পাশাপাশি বিদ্যালয়ের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্রের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তাঁদের দাবি, হিসাবের স্বচ্ছতা সম্পর্কে জানতে চাইলে উল্টে আইনি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া, বিদ্যালয়টি নির্ধারিত নিয়ম অনুযায়ী সময়মতো খোলা ও বন্ধ করা হয় না বলেও অভিযোগ উঠেছে।

অভিভাবকদের বক্তব্য, বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে অবিলম্বে এই সমস্যার সমাধান জরুরি। এই দাবিতে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোনাইয়ের সার্কল অফিসার, সোনাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসারের কাছে যৌথ স্মারকলিপি ও অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *