বরাক তরঙ্গ, ৭ জুন : ত্রিপুরা পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং ২৫টি মোবাইল ফোন, যা পরবর্তীতে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার জানান, পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে নেমে পুলিশ দল প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার করতে সক্ষম হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, উদ্ধার হওয়া গয়নাগুলি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, কেন্দ্রীয় সরকারের CEIR (Central Equipment Identity Register) পোর্টালের সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পরে সেগুলিও আইনানুগ প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার জানিয়েছেন। পুলিশের এই উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।



