যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করলে ইরানও করবে : পেজেশকিয়ান

Spread the news


৩০ জুন : যুক্তরাষ্ট্র নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করলে ইরানও তাদের অঙ্গীকার রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা চাপের কড়া জবাব দেওয়া হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সমঝোতা ও চুক্তি একতরফাভাবে কার্যকর হতে পারে না। পারস্পরিক আস্থা ও প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমেই দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি হয়।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘পারস্পরিক সমঝোতা একটি দ্বিমুখী রাস্তা। আমেরিকা যদি চুক্তির শর্ত মেনে চলে, তাহলে আমরাও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করব।’ তার এই মন্তব্যকে চলমান পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

তিনি কারও নাম উল্লেখ না করেই হোয়াইট হাউসের সাম্প্রতিক অবস্থানের প্রতি ইঙ্গিত করেন। পেজেশকিয়ানের ভাষায়, ভিত্তিহীন অভিযোগ ও অযৌক্তিক হুমকির জবাব ইরান যুক্তি, কূটনীতি এবং প্রয়োজন হলে কঠোর অবস্থানের মাধ্যমে দেবে।

এদিকে, পারমাণবিক ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। একই উদ্দেশ্যে ইরানের প্রতিনিধিরাও সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক জেসন ক্যাম্পবেলের মতে, দোহায় মার্কিন প্রতিনিধিদলের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আন্তরিক আগ্রহ দেখাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *