শিলচরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মিছিল, শূন্য জিএসটি ও স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুলাই :
ফেডারেশন অব মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনস অব ইন্ডিয়া (এফএমআরএআই) এবং এর উত্তর-পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে রবিবার শিলচরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে সংগঠনের পক্ষ থেকে ওষুধের ওপর শূন্য শতাংশ জিএসটি আরোপ, অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা, উৎপাদন ব্যয় ও যুক্তিসঙ্গত মুনাফার ভিত্তিতে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন এবং দেশের স্বাস্থ্যখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ বরাদ্দের দাবি জানানো হয়।

এফএমআরএআইয়ের অভিযোগ, ফার্মাসিউটিক্যাল খাতে অনৈতিক ব্যবসায়িক প্রথা এবং অনলাইনে ওষুধ বিক্রির অনিয়ন্ত্রিত বিস্তার জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে সরকারের কার্যকর নজরদারিরও অভাব রয়েছে বলে দাবি সংগঠনের। সংগঠনের দাবি, সরকারি পাইকারি মূল্য সূচকের (ডব্লিউপিআই) সঙ্গে ওষুধের মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করার ফলে ন্যাশনাল লিস্ট অব এসেনশিয়াল মেডিসিনস (এনএলইএম)-এ অন্তর্ভুক্ত প্রায় ৮৫০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম প্রায় ১১ শতাংশ বেড়েছে।

ফার্মাসিউটিক্যাল বিপণনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এফএমআরএআই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে বলেও জানানো হয়। পাশাপাশি, অনৈতিক প্রলোভন ও দুর্নীতিমূলক কার্যকলাপ রোধে কঠোর বিধিবদ্ধ নীতিমালা প্রণয়নের আহ্বান জানায় সংগঠনটি।

মিছিলে এফএমআরএআইয়ের সেক্রেটারি রূপরাজ দেব, সভাপতি অশোক ভাওয়াল, রবিন দেব, সহ-সভাপতি রাজেশ সরকার, সহ-সেক্রেটারি অনুশ্রী দত্ত, কোষাধ্যক্ষ ফরিদ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *