আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সম্মানিত কবি নীহাররঞ্জন, পেলেন দুই বিশেষ উপাধি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুন : আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে পাথারকান্দির কবি নীহাররঞ্জন দেবনাথ দু’টি বিশেষ সাহিত্য সম্মানে ভূষিত হন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালাচাঁদ দরবেশ মঞ্চে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে সাহিত্য ও ভাষার গুরুত্ব তুলে ধরেন অসমের পাথারকান্দির বিশিষ্ট কবি-সাহিত্যিক নীহার রঞ্জন দেবনাথ। রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সাহিত্য ছাড়া কোনও জাতি বা ভাষা টিকে থাকতে পারে না। সাহিত্যকে বাঁচিয়ে রাখতে কবি-সাহিত্যিকরা নিরলসভাবে সৃষ্টিশীল কাজে আত্মনিয়োগ করেন।” তিনি আরও বলেন, পৃথিবীর কোনও রাজনৈতিক দল বা সরকার কবি-সাহিত্যিক তৈরি করতে পারে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী তৈরির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হলেও কবি-সাহিত্যিক সৃষ্টির ক্ষেত্রে প্রতিভা ও সাধনাই মুখ্য ভূমিকা পালন করে। অনুষ্ঠানে উপস্থিত ধূপগুড়ির বিধায়ক নরেশ রায়ের কাছে পশ্চিমবঙ্গের প্রবীণ কবি-সাহিত্যিকদের জন্য লেখক ভাতার ব্যবস্থা চালুর দাবি জানান নীহাররঞ্জন দেবনাথ।

এদিনের অনুষ্ঠানে নীহাররঞ্জন দেবনাথকে দুটি বিশেষ সাহিত্য সম্মানে ভূষিত করা হয়। ‘উত্তরের নব দিগন্ত’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে তাঁকে ‘কবি মহারাজ’ উপাধি এবং ‘মাতৃভূমি’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে ‘নাথ শাস্ত্রী’ উপাধি প্রদান করা হয়।

‘কবি মহারাজ’ উপাধি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরের নব দিগন্ত সাহিত্য পত্রিকার সভাপতি অনিমেষ সরকার, আহ্বায়ক আনারুল ইসলাম প্রামাণিক, সহ-সম্পাদক গৌরাঙ্গ রায়, সম্পাদক পার্থপ্রতিম রায়, ধূপগুড়ির বিধায়ক নরেশ রায় এবং অধ্যাপিকা সীমা দত্ত ঘটক।

অন্যদিকে, ‘মাতৃভূমি’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে ড. সহদেব দোলুই ও ড. অর্ণব দত্ত নীহার রঞ্জন দেবনাথের হাতে ‘নাথ শাস্ত্রী’ উপাধি তুলে দেন। এ সময় পত্রিকার সম্পাদক সজল সাঁতরা ও সভাপতি মানিক চন্দ্র দাস তাঁর সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *