বরাক তরঙ্গ, ১৬ জুন : লখিমপুর জেলার কণানদী এলাকায় এক নৃশংস ও লজ্জাজনক ঘটনার অভিযোগ সামনে এসেছে। স্বামীর সামনেই জাতীয় সড়কের উপর এক মহিলাকে অর্ধনগ্ন করে অপদস্থ ও নির্মমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্রও ছিল বলে জানা গেছে।
সোমবার দিনের বেলায় সংঘটিত এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অসহায় মহিলাকে উদ্ধার বা সহায়তা করার পরিবর্তে উপস্থিত কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, হরকান্ত চারিঙীয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল পুরুষ ও মহিলা ওই মহিলার উপর হামলা চালায়। এই ঘটনায় তুলসী পায়েং, পাপলু পায়েং, টুটু কামান এবং জেরিফা কামানের নামও উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্যজিৎ বরা নামের এক যুবক দীর্ঘদিন ধরে কণানদী তিনিআলিতে সরকারি জমিতে একটি ফাস্টফুডের দোকান চালিয়ে পরিবার-পরিজনের ভরণপোষণ করছিলেন। দোকানটি জরাজীর্ণ হয়ে পড়ায় তিনি সম্প্রতি নতুন করে সেটি নির্মাণের কাজ শুরু করেন। অভিযোগ, সেই সময় হরকান্ত চারিঙীয়ার নেতৃত্বে একদল লোক দোকানটি ভাঙচুর করে তছনছ করে দেয়।
অভিযোগ আরও, শুধু দোকান ভাঙচুরেই ক্ষান্ত না থেকে হামলাকারীরা জাতীয় সড়কের মাঝখানে লক্ষ্যজিৎ বরার স্ত্রীকে মারধর করে, তাঁর পোশাক ছিঁড়ে অর্ধনগ্ন অবস্থায় অপদস্থ করে এবং নির্মমভাবে আক্রমণ চালায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। হরকান্ত চারিঙ্গিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



