বিশ্ব নদী দিবস উপলক্ষে হাইলাকান্দিতে গঙ্গাঘাট সাফাই অভিযান

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে হাইলাকান্দিতে শুরু হলো প্রাক্-কার্যক্রম। রবিবার ভোর ৭টায় গঙ্গা সমগ্র, হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী বিসর্জন ঘাট (গঙ্গাঘাট)-এ সাফাই অভিযানের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। মা গঙ্গার প্রতি শ্রদ্ধা ও নদী সংরক্ষণের বার্তা নিয়ে শতাধিক স্বেচ্ছাসেবক এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেন। গঙ্গা সমগ্রের সদস্য-সদস্যাদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরাও স্বতঃস্ফূর্তভাবে এই সেবামূলক কাজে যোগ দেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. মিলন দাস। তিনি কমিটির হাতে ৬০টি টি-শার্ট তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর হাইলাকান্দির জেলা সংঘচালক লালমোহন নাথ, নগর প্রমুখ রূপময় বিশ্বাস, হিন্দু রক্ষী দলের মনোজ বিশ্বাস (গদু), বিশ্ব হিন্দু পরিষদের তরুণ পাল, যুব মোর্চা টাউন মণ্ডলের সভাপতি বিক্রমজিৎ ভৌমিক, গোরক্ষক সমিতির শঙ্কু পাল এবং বিসর্জন ঘাট ব্যবসায়ী সমিতির সদস্য দিব্যেন্দু দাস।

এদিন নির্মলেন্দু ঘোষ, ফণী দেবনাথ, মিহির পালসহ বহু নাগরিকও স্বতঃস্ফূর্তভাবে সাফাই অভিযানে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে নদী, ঘাট ও জলাশয়গুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে গঙ্গা সমগ্রের প্রান্ত সংযোজক, অসম প্রান্তের সুব্রত ভট্টাচার্য কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবসে গঙ্গা পূজা, যজ্ঞ ও গঙ্গা আরতিতে হাইলাকান্দিবাসীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *