বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : মাদক বিরোধী অভিযানে মিজোরামে ধরা পড়ল কাছাড়ের চার যুবক। বৃহস্পতিবার রাতে চাম্ফাইয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আবগারি ও মাদকদ্রব্য দফতর। রাত সাড়ে ৮টা নাগাদ চাম্ফাই বাইপাস রোডের জোটলাং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আবগারি ও মাদকদ্রব্য দফতর সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৫৭৬ গ্রাম ৪০০ মিলিগ্রাম হেরোইন (৪৫টি প্যাকেট) উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হল কাছাড় জেলার নিয়াইরগ্রামের জামাল উদ্দিন বড়ভূইয়ার ছেলে মেবুব আলম বড়ভূইয়া (২৪) এবং বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মিসির আলি লস্করের ছেলে ফারুক আহমেদ লস্কর (৪৪)।
শুক্রবার তাঁদের আদালতে পেশ করা হয়। আদালতে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ধারায় ১০ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
এ দিকে, বুধবার রাতে অসম থেকে মিজোরামে পাচারের পথে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছে মিজোরামের আবগারি ও মাদকদ্রব্য দফতর। রাত প্রায় ১০টা নাগাদ Kolasib Venglai East Branch YMA-এর সহযোগিতায় ৩০৬ নম্বর জাতীয় সড়কের কলাসিব ভেঙলাই পূর্ব এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য পায় অভিযানকারী দল।

বিভাগীয় সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৩,০০০ বোতল ও ক্যান মদ-বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৫০ মিলিলিটারের IMFL-এর ১৫০ কেস, অর্থাৎ ১,৮০০ বোতল এবং ৫০০ মিলিলিটারের ক্যানড বিয়ারের ৫০ কেস, অর্থাৎ ১,২০০ ক্যান।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাছাড় জেলার ভাগাবাজারের রাজনগরের বাসিন্দা পারুল হোসেন লস্কর (২৪) এবং ভাগাবাজারের বাসিন্দা সারুক আহমদ বড়ভূইয়াকে (২৬) আটক করা হয়। এছাড়া মদ পরিবহনে ব্যবহৃত AS11E-4260 নম্বরের টিপারও আটক করেছে অভিযানকারী দল।



