চান্নিঘাটে রুকনি নদীর তীব্র ভাঙন, আতঙ্কে শতাধিক পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ধলাইয়ের চান্নিঘাট এলাকায় রুকনি নদীর তীব্র ভাঙনে চরম দুশ্চিন্তা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নদীভাঙনের কারণে ১ নম্বর গ্রুপ এলাকার পরিস্থিতি ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠছে।

জানা গেছে, ভাঙনের জেরে প্রায় ১০০টি পরিবার সরাসরি বিপদের মুখে পড়েছে। ইতোমধ্যেই বিস্তীর্ণ কৃষিজমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সর্বস্ব হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, নদীসংলগ্ন বিভিন্ন স্থানে প্রতিদিনই নতুন করে ফাটল দেখা দিচ্ছে। এর ফলে যে কোনও সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ভাঙনের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে স্থায়ী ও জরুরি নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বসতভিটা ও কৃষিজমি রক্ষায় দ্রুত জেলা প্রশাসন এবং জলসম্পদ বিভাগের সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *