বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় জেলার রাংডোক্রাম এলাকায় নির্মীয়মাণ একটি সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস জমে মৃত্যু হল অসমের মানকাচরের চার শ্রমিকের। মৃতদের নাম মফিদুর রহমান, আজিয়ের রহমান, ইসমাইল হোসেন ও রাকিব হোসেন।
প্রাথমিকভাবে জানা গেছে, সেপটিক ট্যাঙ্কটির ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় সেখানে বিষাক্ত গ্যাস জমে যায়। ট্যাঙ্কের ঢাকনা খোলার পর দুই শ্রমিক আচমকাই অসুস্থ হয়ে ভিতরে পড়ে যান। তাঁদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও দুই শ্রমিকও বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে জ্ঞান হারান।

ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ও দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানের সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে দমকলের কয়েকজন কর্মীও সাময়িকভাবে জ্ঞান হারান বলে জানা গেছে।
পরে চার শ্রমিককে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার করা হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ভূগর্ভস্থ ট্যাঙ্কে পর্যাপ্ত বায়ু চলাচল না থাকায় প্রাণঘাতী গ্যাস জমেই এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



