২৮ সেপ্টেম্বর : হরিয়ানার আম্বালা শহরের কাছে নির্মীয়মাণ একটি তিনতলা ভবন ধসে অন্তত চারজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। রবিবার বিকেলে ধুলকোট গ্রামে ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ভবনের প্রথম তলায় লিন্টেলের ঢালাইয়ের কাজ চলছিল। বেশ কয়েকজন শ্রমিক নিচতলায় এবং অন্যরা উপরের তলায় নির্মাণকাজে ব্যস্ত ছিলেন। আচমকাই বিকট শব্দে পুরো কাঠামোটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান একাধিক শ্রমিক।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপ সরাতে বুলডোজার নামানো হয়। উদ্ধারকাজে সহায়তার জন্য এনডিআরএফ ও এসডিআরএফ-এর দলও মোতায়েন করা হয়েছে।
আম্বালার পুলিশ সুপার অজিত সিং শেখাওয়াত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, আম্বালার সিভিল সার্জন রেণু বেরি জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ১৩ জনকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র চার ইঞ্চি পুরু দেওয়াল দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। পাশাপাশি, সিমেন্ট শুকানোর জন্য প্রয়োজনীয় সময় না দিয়েই দ্রুত একের পর এক তলা নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে জোরদার তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। উল্লেখ্য, গত জুন মাসেও আম্বালার পুরনো সবজি মান্ডি এলাকায় একটি পুরনো ভবন ভেঙে পড়েছিল।



