ধলাইয়ের দক্ষিণ চান্নিঘাট গছরা এলাকায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দক্ষিণ চান্নিঘাটের গছরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা নাগাদ চান্নিঘাট জিপির ৫ নম্বর গ্রুপের বাসিন্দা ৫২ বছর বয়সি সুধন্য রায়ের গোয়ালঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা হাঁস-মুরগি, একটি সাইকেল, প্রচুর কাঠ, জানালার চৌকাঠসহ বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি গোয়ালঘরে থাকা দুটি গাভির শরীরের কিছু অংশও আগুনে ঝলসে যায়। ফলে গবাদিপশু দুটিও আহত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে ততক্ষণে আগুনের গ্রাসে বহু সামগ্রী নষ্ট হয়ে যায়। এই ঘটনায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সুধন্য রায়।

এদিকে, কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *