উধারবন্দে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ, পড়ুয়াদের নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রতিনিধিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে উধারবন্দে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। পাশাপাশি জগন্নাথ সিং কলেজে আয়োজন করা হয় ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান।

মঙ্গলবার সকাল ১০টায় কাছাড় জেলার উধারবন্দ সমষ্টির দয়াপুর রোডের কলেজ মোড় থেকে জগন্নাথ সিং কলেজ ক্যাম্পাস পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালা, বিজেপির স্থানীয় নেতৃত্ব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। কর্মসূচিতে একাধিক গাছের চারা রোপণ করেন বিধায়ক রাজদীপ গোয়ালা। চারাগুলির যথাযথ পরিচর্যার উপর গুরুত্ব দিয়ে তিনি পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এরপর কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকের সন্তান তথা আইআইটি গুয়াহাটির সহকারী অধ্যাপক ড. সৌমেন দাস। কলেজের পড়ুয়াদের ভবিষ্যৎ ক্যারিয়ার নির্বাচন এবং জীবনের লক্ষ্য স্থির করার বিষয়ে তিনি বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কলেজের পড়াশোনার মান ও পরিকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি। পাশাপাশি পড়ুয়াদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিধায়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস. সমরেন্দ্র সিংহ, স্কুল পরিচালন সমিতির সভাপতি সোমনাথ দেব, প্রাক্তন শিক্ষক সূর্যকুমার শর্মা, বিজেপি মণ্ডল সভাপতি উমাশংকর ভট্টাচার্য, জিপি সভানেত্রী কাকলী কর, এপি অমিতা চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্বচ্ছতা, পরিবেশ সংরক্ষণ এবং পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনের বার্তা দিয়েই সম্পন্ন হয় এদিনের কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *