এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : সামাজিক দায়বদ্ধতার এক প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের উদ্যোগে, লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সহযোগিতায় এবং যুবতারা শক্তি সংঘ, কাটিগড়ার ব্যবস্থাপনায় করইকান্দি এমএ স্কুলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীর হাতে বিনামূল্যে ছাতা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের কর্মচারীদের সম্মানসূচক উপহার হিসেবে ব্যাগ প্রদান করা হয়।
বিশিষ্ট সমাজসেবী হোসেন আহমেদ লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দন গোস্বামী ও মুকেশ প্রকাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবতারা শক্তি সংঘের সভাপতি তথা সমাজসেবী মহম্মদ শামস উদ্দিন লস্কর। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ মেহবুব আলম, এসএমসি সভাপতি বিদ্যুৎ নাথসহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাতা বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সংক্ষিপ্ত হলেও মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে ধামাইল গানের মনোমুগ্ধকর পরিবেশনা পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে এবং উপস্থিত সকলের মন জয় করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, “শিক্ষাই জীবনের মূল ভিত্তি এবং এটিই মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। অধ্যবসায়, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে তোমরাই আগামী দিনে সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। জীবনের লক্ষ্য পূরণে একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের হাতে উপহার হিসেবে ব্যাগ তুলে দেন। এরপর ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। নতুন ছাতা পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং তাদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাসের হাসি।
সামগ্রিকভাবে দিনব্যাপী অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সমাজের প্রতি দায়বদ্ধতা, শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে গৃহীত এই উদ্যোগ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে এবং উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।



