সোনাইয়ে জনগণনা উপলক্ষে সচেতনতামূলক সভা, সেল্ফ এনুমারেশন পদ্ধতির প্রদর্শনী

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২ আগস্ট :
জনগণনাকে আরও সহজ, নির্ভুল ও জনবান্ধব করে তুলতে সোনাই পুরসভার উদ্যোগে রবিবার একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে অনলাইনে জনগণনার সেল্ফ এনুমারেশন (Self Enumeration) ফর্ম পূরণের পদ্ধতি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের হাতে-কলমে দেখানো হয় কীভাবে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজস্ব তথ্য সঠিকভাবে অনলাইনে পূরণ করা যাবে, যাতে ফর্ম পূরণের সময় কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়।
এদিন বক্তব্য রাখেন সোনাই পুরসভার এক্সিকিউটিভ অফিসার যুগানন্দ চেতিয়া এবং সিটি প্রজেক্ট অফিসার ইব্রাহিম লস্কর। তাঁরা সেল্ফ এনুমারেশন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং নাগরিকদের নির্ভুল তথ্য প্রদানের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, ওয়ার্ড কমিশনার নূর আহমদ বড়ভূইয়া, পুর সদস্যের প্রতিনিধি আনসারুল হক লস্কর, ভজন সেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, আগামী ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে জনগণনার সেল্ফ এনুমারেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে নাগরিকরা নিজ নিজ তথ্য অনলাইনে জমা দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *