জাতীয় সড়কের ঠিক মাঝে বাঁশের টাওয়ার উত্তর কৃষ্ণপুরে

Spread the news

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ আগস্ট :
জাতীয় সড়কের ঠিক মাঝে বাঁশের টাওয়ার। এই বাস্তব চিত্রটি দু’দিন ধরে দেখা যাচ্ছে ৩০৬ নম্বর জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকার আউলিয়া বাজারে। কিন্তু সেটা আসলে কোন টাওয়ার বা ব্যারিকেড নয় ব কোনও নির্মাণকাজের অংশ নয়, বরং প্রাণঘাতী গর্তের বিষয়ে পথচারী ও যানবাহন চালকদের সতর্ক করার জন্য স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছে। বর্ষার মরসুম শুরু হতেই শিলচর-আইজল জাতীয় সড়কের রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়ার গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি দিচ্ছে। কোন কোন স্থানে পুরো সড়ক গর্তের দখলে চলে যায়। কোথাও পুকুর সম রূপ নেয় গর্তগুলো। গর্ত ডিঙিয়ে চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে। ঘটছে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা। শুক্রবার রাতে আউলিয়া বাজারে এক বাইক আরোহী গর্তে পড়ে গুরুতর আহত হন। এরপরই স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা এড়াতে গর্তের স্থানে বাঁশ পুঁতে সতর্কীকরণ চিহ্ন হিসেবে রেখে দেন।

এদিকে, সেতুর সামনে থাকা গর্তও বিশাল আকার ধারণ করেছে। পাশাপাশি প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেনের বাড়ির সামনের সড়কাংশও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। প্রায় তিন মাস আগে বর্তমান বিধায়ক আমিনুল হক লস্কর ওই অংশে বালি ও পাথর ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করেছিলেন। কিন্তু বর্ষার কারণে সেই সংস্কারের আর কোনও চিহ্ন নেই। বর্তমানে দক্ষিণ কাছাড়ের হাজার হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই বেহাল জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *