বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ভয়াবহ দুর্ঘটনা! ডিমোরিয়ার লালমাটি জাতীয় সড়কে দ্রুতগতির একটি বোলেরোর ধাক্কায় প্রাণ হারালেন মা ও তাঁর পাঁচ বছরের কন্যা। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। জানা গেছে, গুয়াহাটি থেকে উজানের দিকে যাওয়া AS 09J 4494 নম্বরের একটি বোলেরো একই দিকে চলা AS 01GU 8951 নম্বরের একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর বোলেরোটি প্রায় ১০০ ফুট পর্যন্ত স্কুটারটিকে টেনে নিয়ে যায়। স্কুটারটি গাড়ির নিচে আটকে পড়ে এবং মা-মেয়ে দীর্ঘ সময় গাড়ির নিচেই চাপা অবস্থায় ছিলেন।
মৃত মহিলার নাম নীলাক্ষী ইংতি রাহাং এবং তাঁর পাঁচ বছরের কন্যার নাম অদিতি রাহাং। তাঁদের বাড়ি সোনাপুরের চামতা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ক্ষেত্রী ট্রাফিক পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পরে মা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



