হাইলাকান্দিতে রেললাইনের পাশে অবসরপ্রাপ্ত আদালতকর্মীর মৃতদেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : হাইলাকান্দিতে ফের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। রেললাইনের পাশে প্রহ্লাদ চন্দ্র দাস (৬৫) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় রবিবার। মৃতদেহের পাশ থেকে একটি প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহর সংলগ্ন সৈয়দবন্দ এলাকায়।

জানা গেছে, প্রহ্লাদ চন্দ্র দাস করিমগঞ্জ আদালতের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। অবসর গ্রহণের পর তিনি হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। স্থানীয় সূত্রে খবর, ব্যক্তিগত কাজে তিনি গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে হাইলাকান্দি ফেরার পথেই সৈয়দবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

রেললাইনের পাশে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ ও আরপিএফ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

প্রহ্লাদ চন্দ্র দাসের আকস্মিক মৃত্যুতে হাইলাকান্দি শহরে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *