দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : কাছাড় জেলার ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য ২,০১৪ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার শিলচরে কৃতজ্ঞতা সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। বরাক উপত্যকার দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্পের অনুমোদনকে স্বাগত জানিয়ে বিজেপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে র্যালিটি শুরু হয়।
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়িতে গিয়ে তা শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, বিধায়ক কিশোর নাথ, রাজদীপ গোয়ালা ও অমিও কান্তি দাস, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিরিদার-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের ২,০১৪ কোটি টাকা অনুমোদন বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে এবং সামগ্রিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। তিনি প্রস্তাবিত বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন, রানওয়ে ও যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোকপাত করেন। পাশাপাশি হাফলং-শিলচর সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে।
অন্যদিকে, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা তাঁর বক্তব্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৌশিক রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত বরাক উপত্যকার উন্নয়নের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র্যালিতে অংশ নেন উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা। বক্তাদের মতে, ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প বাস্তবায়িত হলে বরাক উপত্যকার যোগাযোগ, বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।



