বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : শিলচরের অম্বিকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রেংটি রাধামাধব আখড়ার ৫৩তম বার্ষিক উৎসব উপলক্ষে আয়োজিত ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞে উপস্থিত হলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি শ্রীশ্রী রাধাকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করেন এবং সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
এদিন সাংসদ বলেন, ভক্তি, আধ্যাত্মিকতা ও সম্প্রীতির মেলবন্ধনে আয়োজিত এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে শান্তি, ঐক্য এবং মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করে। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রেংটি রাধামাধব আখড়ার দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বের কথা উল্লেখ করে তিনি আখড়ার সার্বিক উন্নয়ন এবং পরিকাঠামোগত অগ্রগতির জন্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সাংসদ।

অনুষ্ঠানে আখড়ার অসংখ্য ভক্ত, আয়োজক কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ষোল প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে আখড়া প্রাঙ্গণে এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।



