বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : ই-অটো সহ এক দাগি চোরকে গ্রেফতার করেছে ত্রিপুরার আমতলী থানার পুলিশ। ধৃতের নাম পিছন মিয়া। তার বাড়ি আমতলী থানার অন্তর্গত চারিপাড়া সীমান্তবর্তী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, টিআর-০১-এল-২৩৮৯ নম্বরের ই- অটো ব্যবহার করে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটাত বলে পিছন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মঙ্গলবার একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে আটক করা হয় চুরির কাজে ব্যবহৃত অটোটিও।
পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই ৮৫/২০২৬ নম্বরে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩০৮(৫), ৩০৫ ও ৩১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বুধবার বিকেলে পিছন মিয়াকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। পুলিশের ধারণা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনায় আরও কারা জড়িত, পাশাপাশি বিভিন্ন এলাকায় সংঘটিত চুরির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



