বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ রামচন্দ্রঘাট এলাকায় মদবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি দেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করেছে। খোয়াই থানার ওসি প্রজিত মালাকারের নেতৃত্বে বুধবার এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওসির সঙ্গে ছিলেন এসআই ফ্রান্সিস হালাম, এসআই দেবীপ্রসাদ চক্রবর্তী-সহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট বটতলি স্কুলের পাশে শ্যামল দেববর্মা ও বিন্দু দেববর্মার বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশি মদ তৈরি ও বিক্রির অভিযোগ ছিল।
অভিযোগের ভিত্তিতে দুটি বাড়িতে আচমকা হানা দিয়ে পুলিশ প্রায় ৫০০ লিটার তৈরি দেশি মদ উদ্ধার করে। পাশাপাশি মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামালও বাজেয়াপ্ত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতেই উদ্ধার হওয়া মদ ও সংশ্লিষ্ট সামগ্রী ঘটনাস্থলে ধ্বংস করে দেওয়া হয়।

পুলিশের অভিযান টের পেয়ে অভিযুক্ত বাড়ির মালিক শ্যামল দেববর্মা ও বিন্দু দেববর্মা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খোয়াই থানার ওসি জানিয়েছেন, দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এলাকাকে নেশামুক্ত করতে আগামী দিনেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে বলে জানিয়েছেন খোয়াই থানার ওসি।



