বরাকবাণী কার্যালয়ে দুষ্কৃতী হামলা গুরুতর জখম সাংবাদিক রাজু দাস, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মে : বরাক উপত্যকার সংবাদমাধ্যম ‘বরাকবাণী’-র কার্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হামলায় গুরুতর জখম হয়েছেন বরাকবাণীর সাংবাদিক রাজু দাস। বৃহস্পতিবার বিকেল প্রায় চারটার সময় শিলচরের দ্বিতীয় লিঙ্ক রোডের ১১ নম্বর লেনে অবস্থিত সংবাদমাধ্যমটির অফিসে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কয়েকজন দুষ্কৃতী আচমকাই বরাকবাণীর কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিক রাজু দাসের উপর হামলা চালায়। অভিযোগের কেন্দ্রে রয়েছে রাহুল দাস নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অফিসে ঢুকেই অভিযুক্তরা রাজু দাসকে লক্ষ্য করে অতর্কিতে মারধর শুরু করে। সাম্প্রতিক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জের ধরেই এই পরিকল্পিত হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

অভিযোগ, মূল হামলাকারীর সঙ্গে আরও কয়েকজন বাইরে অবস্থান করছিল। তারা অফিসের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় এবং এরপর সাংবাদিকের উপর নির্মম নির্যাতন চালানো হয়। মারধরের ফলে রাজু দাসের মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গেছে।

শুধু শারীরিক হামলাই নয়, দুষ্কৃতীরা বরাকবাণী কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম, কম্পিউটার ও অন্যান্য মেশিনারিজেও ব্যাপক ভাঙচুর চালায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকা বলে অনুমান করছে কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি অভিযানে মূল অভিযুক্ত রাহুল দাসকে আটক করা হয়েছে। অন্যদিকে, আহত সাংবাদিক রাজু দাসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় বরাকবাণী কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার সঙ্গে জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিকের উপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাংবাদিক মহল ও সুশীল সমাজে। স্থানীয় সাংবাদিক সংগঠনগুলির দাবি, এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *