দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনে গত ১১ নভেম্বর মঠের প্রবীণ সন্ন্যাসী ব্রহ্মলীন পরমপূজ্য পরমহংস শ্রীশ্রী স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সারাদিনব্যাপী শিলচর সোনাই রোড স্থিত শঙ্করমঠ ও মিশনের প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজ, শিলচর ভোলা গিরি আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ আত্মানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী মহারাজদের হাতে পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর উপস্থিত সবাই পরমপূজ্য পরমহংস শ্রীশ্রী স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে শংকর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের জীবন, কর্ম ও আধ্যাত্মিক অবদান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজ জন্মসূত্রে আমেরিকান হলেও ভারতীয় আধ্যাত্মিক দর্শন ও সন্ন্যাসধর্মের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী, জ্ঞানী ও কর্মনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। জাগতিক শিক্ষা ও আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ মহারাজ কর্মজীবনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর জীবন ছিল জ্ঞান, সাধনা, নিষ্ঠা ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য সমন্বয়। মহারাজের জীবনাদর্শ ও আধ্যাত্মিক চিন্তাধারা আজও ভক্ত ও অনুরাগীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজ বলেন, স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের জীবন ও দর্শন আমাদের শেখায় যে প্রকৃত স্বাধীনতা হলো মনের মুক্তি এবং ত্যাগের মাধ্যমে আত্মশক্তি অর্জন। জাগতিক মোহ ও বন্ধন ছিন্ন করে তিনি যেভাবে সত্যের সন্ধানে এগিয়ে চলেছিলেন, তা আমাদের জীবনের যেকোনো বাধা জয় করার সাহস জোগায়।

স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ তাঁর বক্তব্যে বলেন, একজন সাধু ‘আমি’ ও ‘আমার’ সত্তা থেকে মুক্ত। তিনি কাম, ক্রোধ ও লোভ থেকে মুক্ত এবং সকল জীবকে নিজ আত্মার মতো ভালোবাসেন। তিনি বৈরাগ্য ও করুণায় গুণান্বিত, সত্য বলেন এবং সকলের সেবা করেন। তিনি সর্বদা ভগবানের ধ্যানে মগ্ন থাকেন, অন্যের নিন্দা করেন না এবং তাঁর দৃষ্টি সমদৃষ্টিসম্পন্ন। তিনি সকল নারীর মধ্যে দেবী বা মাকে দেখেন, সর্বদা আনন্দময় ও শান্ত থাকেন এবং ভগবানের মহিমা কীর্তন করেন। তাঁর দিব্য জ্ঞান রয়েছে, তিনি নির্ভীক ও উদার। তিনি কখনও ভিক্ষা করেন না, বরং দান করেন। এমন ব্যক্তি সমগ্র বিশ্বে দুর্লভ এবং তাঁকে সহজে পাওয়া যায় না, তিনি সর্বত্র জন্মগ্রহণ করেন না। প্রেমই সাধুর নিঃশ্বাস, করুণাই তাঁর স্বভাব। তাঁর হৃদয় সহানুভূতিতে পরিপূর্ণ। তিনি অন্যের দোষত্রুটি দেখেন না, মন্দের বদলে ভালো করেন এবং যারা তাঁকে অভিশাপ দেয়, তাদের আশীর্বাদ করেন।এদিন অনুষ্ঠানে জ্যোতিশ্বর সঙ্গীত বিদ্যাপীঠের প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীরা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক বিপ্লব দে, রাকেশ মিত্র, প্রণব দত্ত, বিউটি দে, শিখা দে প্রমুখেরা।



