বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর: সারা দেশের সঙ্গে বৃহস্পতিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়েও ভাবগম্ভীর পরিবেশে ৭৭তম সংবিধান দিবস পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রকাশ চন্দ্র দাস মেমোরিয়াল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবিধানের প্রণয়ন, তাৎপর্য, নাগরিক অধিকার ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, বিদ্যায়তনিক নিবন্ধক ড. নিলেন্দু ধর, আইকিউএসি-র নির্দেশক ড. কৃষ্ণ চন্দ্র দাস, উপ-নিবন্ধক বিশ্বজিৎ দেব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. স্বরূপা ভট্টাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিন ও অধ্যাপকরা।
অনুষ্ঠানের সূচনায় ড. স্বরূপা ভট্টাচার্য ভারতীয় সংবিধানের প্রণয়ন, গ্রহণ এবং দেশের নাগরিকদের উদ্দেশ্যে তা সমর্পণের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। ড. সঞ্জীব ভট্টাচার্য সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা করেন। গবেষক অর্পিতা রায় ও জয়প্রকাশ শর্মা সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে দেশের গণতান্ত্রিক কাঠামোয় সংবিধানের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন। উপ-নিবন্ধক বিশ্বজিৎ দেব বলেন, একটি দেশ কিংবা ছোট-বড় যেকোনও সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংবিধান থাকা জরুরি। সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ড. সন্দীপা দাস শীল নাগরিকদের অধিকার রক্ষার পাশাপাশি সাংবিধানিক কর্তব্য পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এবং ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে তার সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানে নির্ধারিত নাগরিক দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করলেই বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে।



