বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের ছয় বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার পদযাত্রা করল সারা ভারত কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটি। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করা, প্রতিটি পঞ্চায়েতে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন, ভূমি অধিগ্রহণ সংশোধনী আইন বাতিল, জব কার্ডের মাধ্যমে বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি প্রদান-সহ একাধিক দাবিতে লায়লাপুর থেকে জয়ধনপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা করা হয়। পদযাত্রা চলাকালীন লায়লাপুর, রাজঘাট ও জয়ধনপুরে পথসভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে বক্তব্য রাখেন কৃষক সভার কাছাড় জেলা কমিটির সভাপতি রেজামন্দ আলি বড়ভূইয়া, জাকির হোসেন ও আব্দুল ওয়াহিদ লস্কর প্রমুখ।

তাঁরা কৃষক ও শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির সমালোচনা করেন। পদযাত্রা হাওয়াই থাং গ্রামে পৌঁছলে সহিদুল আলম মজুমদার-সহ স্থানীয় কৃষকরা সম্প্রতি অকাল বৃষ্টিতে পাকা ধানের জমিতে জল জমে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নেতৃবৃন্দকে দেখান। তাঁদের অভিযোগ, ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কেউ তাঁদের খোঁজ নেননি। ফসল বিমার সুবিধাও তাঁরা পাচ্ছেন না।

এ প্রসঙ্গে রেজামন্দ আলি বড়ভূইয়া ধলাই অঞ্চলে অকাল বৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতি সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাশাপাশি ফসল বিমা প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানান। পদযাত্রায় ফসল বিমা, কৃষকের বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবিও জানানো হয়।



