পয়লাপুলে ডিআই ট্রাক চুরির পিতল-কাঁসার বাসন, তামার তার উদ্ধার, আটক তিন

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : চোরচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল লক্ষীপুর পুলিশ। দীর্ঘদিন ধরে লক্ষীপুর এলাকায় চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বেগে ছিলেন সাধারণ মানুষ। বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগ থানায় জমা পড়লেও অভিযুক্তদের সন্ধান মিলছিল না। অবশেষে চুরির সামগ্রী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনাগুলির তদন্তে নেমে সোমবার গোপন সূত্রে খবর পেয়ে পয়লাপুলে অভিযান চালানো হয়। সেখানে এএস-১১-ইসি-৯৪১৫ নম্বরের একটি ডিআই ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পিতল ও কাঁসার বাসনপত্র, তামার তার-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পয়লাপুল রেলক্রসিং এলাকার জলান সাহানির ছেলে আমাবশ সাহানি (৫৩), রংপুর করাতিগ্রামের প্রয়াত প্রমোদ দাসের ছেলে সুজিত দাস (৪৩) এবং একই এলাকার ধীরেন্দ্র দাসের ছেলে জয় দাস (২৮)।

উদ্ধার হওয়া সামগ্রী-সহ তিনজনকে থানায় নিয়ে এসে তাঁদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। মঙ্গলবার অভিযুক্তদের লক্ষীপুর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁদের জেল হেফাজতে পাঠানো হয়। চুরির সামগ্রী-সহ তিনজন গ্রেফতার হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *