বরাক তরঙ্গ, ২৮ মে : বরাক উপত্যকার ইতিহাসচর্চায় গৌরবের এক মুহূর্ত। তরুণ গবেষক কমলদীপ পুরকায়স্থের গবেষণাপত্র আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নাল International Journal of Novel Research and Development (IJNRD)-এ সম্প্রতি প্রকাশিত হয়েছে। জার্নালটির ভলিউম ১১, ইস্যু ৫, মে ২০২৬ সংখ্যায় ওই প্রবন্ধটি অন্তর্ভুক্ত করা হয়েছে।শিরোনাম: “A Historical Study of Badarpur Fort: From Islamic Inception to British Expansion (14th–17th Century)”. গবেষণাপত্রটিতে বদরপুর দুর্গের ঐতিহাসিক গুরুত্ব, ইসলামিক শাসনামল থেকে ব্রিটিশ সম্প্রসারণ পর্যন্ত এর বিবর্তন এবং উত্তর-পূর্ব ভারতের ইতিহাসে দুর্গটির ভূমিকা বিশ্লেষণ করেছে। গবেষণায় ব্যবহৃত উৎসে স্থানীয় ঐতিহাসিক নথি, স্থাপত্য পর্যালোচনা এবং প্রাসঙ্গিক আর্কাইভাল দলিল অন্তর্ভুক্ত রয়েছে, বলে বর্ণনা করা হয়েছে। কমলদীপ পুরকায়স্থ ইতিহাস ও ঐতিহ্য অন্বেষণে বহুদিন যাবৎ নিয়োজিত।

তিনি জানান, এই গবেষণার মূল উদ্দেশ্য বরাক উপত্যকার ইতিহাসকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা এবং স্থানীয় ঐতিহ্যের গুরুত্ব পুনরায় আলোচ্য করার পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার জন্য একটি ভিত্তি স্থাপন করা। নিজের সফলতা সম্পর্কে আনন্দ প্রকাশ করে তিনি পরিবার, বন্ধু ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও ইতিহাসভিত্তিক গবেষণা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।শিক্ষাবিদ ও গবেষক মহল এই অর্জনকে বরাক উপত্যকার ঐতিহাসিক পরিচয়কে তুলে ধরতে গুরুত্বপূর্ণ হিসাবে মূল্যায়ন করেছেন। স্থানীয় শিক্ষা ও সংস্কৃতি মহল থেকে শুরু করে গবেষক সম্প্রদায় পর্যন্ত কমলদীপকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। জানিয়ে রাখা হয় যে, IJNRD একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল, বিভিন্ন একাডেমিক ডাটাবেসে সূচিভুক্ত এবং বহুমাত্রিক গবেষণা প্রকাশের জন্য পরিচিত। জার্নালের ISSN নম্বর 2456-4184 এবং প্রকাশিত এমন প্রকাশনার ইমপ্যাক্ট ফ্যাক্টর রিপোর্টে 8.76 উল্লেখ রয়েছে।কমলদীপের এই সাফল্য বরাক উপত্যকার গবেষণা ও সংস্কৃতির জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করা হচ্ছে।



